গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখাও পান তিনি। এবার ইংলিশ ক্লাব ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
২০১৯ সাল থেকে ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে বর্ষসেরা একাডেমি খেলোয়াড়দের পুরস্কৃত করছে ক্লাবটি। ফুলহামের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে একাডেমি থেকে উঠে আসা ফুটবলারকে ‘জনি হেইনেস ট্রফি’ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফারহানের নাম ঘোষণা করা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম জানিয়েছে, ‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’
ক্লাবের ওয়েবসাইটে নিজের অনুভূতি জানিয়ে ফারহান বলেন, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও বেশ উচ্ছ্বসিত ফারহান। তিনি বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়।’
ফারহান গত মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে (অনূর্ধ্ব–২১ পর্যায়) ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রেখেছেন। যার সুবাদে লিগে চতুর্থ স্থান অর্জন করে ফুলহাম। ওই বছরের নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ও হয়েছিলেন ফারহান। পরে অবশ্য ফুলহাম থেকে ধারে ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন তিনি।
