নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:০৮

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় মামলাটি করা হয়েছে। অভিনেতার মৃত্যুর কারণ ও এ ঘটনায় কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭৫ বছর বয়সী নানা পাটেকর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাকে উত্তর গোয়ার ডোনা পাউলার ওশান পার্কের বাসভবন থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ উপপরিদর্শক নিতিন নায়েক।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসায় একা থাকা অবস্থায় অভিনেতার মৃত্যু এবং হাসপাতালে নেওয়ার আগেই তাকে মৃত ঘোষণা করায় নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে প্রতিবেদন দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। এ ধরনের মামলার উদ্দেশ্য হলো, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা বা অন্য কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা নিশ্চিত করা।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালগার বৃহস্পতিবার এএনআইকে বলেন, ভোর ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে নানা পাটেকরকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও হাসপাতালে আনার সময় তিনি মৃত ছিলেন। এ ঘটনায় মেডিকো-লিগ্যাল মামলা হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশকে জানাতে হয়েছে।

 নানা পাটেকর

এদিকে, বৃহস্পতিবার রাতে পুনের উপকণ্ঠে দোনজে গ্রামের নিজস্ব খামারবাড়িতে নানা পাটেকরের শেষকৃত্য সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে অংশ নিতে হাজারো ভক্ত সেখানে উপস্থিত হন। গোয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ পুনেতে নেওয়া হয়।

শেষকৃত্যের পর অভিনেতার ছেলে মালহার পাটেকর সাংবাদিকদের বলেন, নানা পাটেকরের মতো মানুষ কখনো সত্যিকার অর্থে চলে যান না; তার কাজ ও অর্জন তাকে অমর করে রেখেছে। বাবার রেখে যাওয়া আদর্শ ও দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার মাধ্যমেই ভবিষ্যৎ গড়ে তোলার কথাও বলেন তিনি।

নানা পাটেকর স্ত্রী নীলকান্তি পাটেকর ও ছেলে মালহার পাটেকরকে রেখে গেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ইত্তেফাক/এসজে