‘দাদা’র পোস্টার বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার, বললেন ‘সব এআই দিয়ে হয় না’

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৩

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র বিতর্কিত পোস্টার নিয়ে এবার ভুল স্বীকার করলেন রাজকুমার রাও। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর সেই ফার্স্ট লুকটি নিয়ে জুলাই মাসে নেটপাড়ায় ব্যাপক ট্রোল শুরু হয়। সম্প্রতি নিজের আগামী ছবির প্রচারণায় এসে রাজকুমার স্পষ্ট জানান, পোস্টারটি তৈরিতে নির্মাতাদের তাড়াহুড়োই কাল হয়েছিল এবং দর্শকদের সমস্ত সমালোচনা তারা মাথা পেতে নিয়েছেন।

পোস্টারে রূপোলি পর্দার ‘দাদা’ রাজকুমার রাওয়ের লুক দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন অগণিত ভক্ত। নেটিজেনদের বড় অংশের দাবি ছিল, পোস্টারটি অত্যন্ত নিম্নমানের এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তাড়াহুড়ো করে তৈরি।

রাজকুমার বলেন, ‘যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা এই ভুল থেকে শিক্ষা পেয়েছেন। বুঝেছেন কোনও কিছু তাড়াহুড়ো করে বানানো উচিত নয়। শান্ত মাথায়, সময় নিয়ে কাজ করা দরকার। তবে এই তীব্র প্রতিক্রিয়া দেখে আমরা বুঝতে পেরেছি মহারাজকে নিয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের আবেগ ও ভক্তদের উৎসাহ কতটা উন্মাদনার পর্যায়ে রয়েছে।’

বলিউডে এআই-এর ক্রমাগত ব্যবহারের ফলে মানুষের কাজের সুযোগ কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজকুমার। তিনি যোগ করেন, ‘প্রযুক্তিকে থামানো যাবে না, কিন্তু এটাকে কেবল সাহায্যের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত, মানুষের বিকল্প হিসেবে নয়। ঘরের ভেতর বসে এআই দিয়ে সবকিছু বানানো যায় না এবং মানুষের সত্যিকারের আবেগের জায়গা কখনও প্রযুক্তি নিতে পারে না। পোস্টার দেখে মানুষ যে ধরে ফেলেছে ওটা ফেক বা আর্টিফিশিয়াল, এটাই বড় প্রমাণ।’

বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকের জন্য ইতিমধ্যেই মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালা এবং আলিপুরের বাড়ি ও ইডেন গার্ডেন্সে বেশ কিছুদিন শুটিং শেষ করেছে টিম।  ‘দাদা’ ছবিটি ২০২৭ সালের মে মাসে বড় পর্দায় মুক্তি পাবে।

 
ইত্তেফাক/এসএইচ