ব্যাংকে বিলাসিতা পরিহারের নির্দেশ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:০০

বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জাসহ বেশ কিছু খাতে খরচ কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক ৫০ লাখ টাকার বেশি দামের সেডান (প্রাইভেট কার) এবং এক কোটি টাকার বেশি দামের এসইউভি (জিপ) কিনতে পারবে না। ব্যাংকের চেয়ারম্যান ছাড়া অন্য পরিচালকরা ব্যাংকের টাকায় কেনা গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমাতে জমি কেনা, অফিস ভাড়া, সাজসজ্জা এবং পরিচালনা পর্ষদের সভাসহ অন্য যে কোনো সভা আয়োজনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শহরে ব্যাংকের নতুন শাখার ক্ষেত্রে ৬ হাজার বর্গফুট এবং পল্লি এলাকায় ৩ হাজার বর্গফুটের বেশি জায়গা ব্যবহার করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বাহুল্য ব্যয়ের কারণে বেশিরভাগ ব্যাংকের পরিচালন ব্যয়ও বেড়ে যাচ্ছে। এ কারণে অনেক ব্যাংক ঋণের সুদ হার কমাতে পারছে না। অন্যদিকে অতিরিক্ত ব্যয়ের কারণে নিট মুনাফা কম হওয়ায় প্রত্যাশিত লভ্যাংশ পাচ্ছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীরা। এ জন্য বাহুল্য খরচে লাগাম টানতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির অর্থে সম্পদ কেনা ও অফিস স্পেস ভাড়ায় ব্যয় বেড়েছে। এছাড়া ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিলাসবহুল গাড়ি, ব্যাংক শাখার সাজসজ্জা, ব্যাংকের গাড়ির যথেচ্ছ ব্যবহার হচ্ছে। বিভিন্ন সভা অনুষ্ঠানের মাধ্যমে, বিজনেস ডেভেলপমেন্টের নামে বাহুল্য খরচ হচ্ছে। বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ে ক্ষেত্রেও অতিরিক্ত ব্যয় হচ্ছে। বিলাসি আপ্যায়ন, যথেচ্ছ স্টেশনারি ও বিবিধ খরচের নামেও ব্যয় বাড়ানো হচ্ছে। এসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ব্যয় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।