প্রায় ২৫০ একর জায়গার ওপর নতুন অর্থনৈতিক অঞ্চল নির্মিত হবে বগুড়ার শাহজাহানপুরে। নির্মিতব্য ‘বগুড়া অর্থনৈতিক অঞ্চল’-এর জন্য ভূমি অধিগ্রহণ ও সহায়ক অবকাঠামো উন্নয়নে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। শিগগিরই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তোলা হবে। অনুমোদন পেলে এ বছরই শুরু হবে অর্থনৈতিক অঞ্চলটির প্রাথমিক কাজ। ‘বগুড়া অর্থনৈতিক অঞ্চল’ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ প্রকল্পের ব্যয়ের পুরোটাই সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ নভেম্বর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিভিত্তিক উত্তরাঞ্চলে নানা ধরনের শিল্প স্থাপনের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল করতে বগুড়া অর্থনৈতিক অঞ্চল (বিইজেড) স্থাপনের ঘোষণা দেন। পরে ২০১৬ সালের ২৭ জুলাই বেজার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। বেজা প্রস্তাবিত বগুড়া অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক কাজ সম্পন্ন করে। প্রাথমিকভাবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে চকজোড়া, জোড়া, পারতেখুর, বীরগাঁও ও চকভালি মৌজায় ২৫১ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে জোড়া মৌজায় ১০৬.৬৩ একর, চকজোড়া মৌজায় ২.৯১ একর, পারতেখুর মৌজায় ১১৮.১১ একর, বীরগাঁও মৌজায় ১৫.২৪ একর এবং চকভালি মৌজায় ৮.১১ একর জমি রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি চলতি ২০১৯-২০২০ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিবি) বরাদ্দহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। অনুমোদন পেলে চলতি অর্থবছরেরই এতে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হবে বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেছে বেজা।
