গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ওই দুই যুবককে আটক করা হয়। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন—সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো. আলম মিয়ার ছেলে সৈকত মিয়া (২৮) এবং কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে রিকশাভ্যানচালক মোহাম্মদ মুস্তাকিম (২০)।
পুলিশ ও ভুক্তভোগী নারীর পরিবারের সূত্রে জানা যায়, ২১ বছর বয়সী ওই নারী শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলায় তার বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৯টার দিকে বোনারপাড়া এলাকায় সৈকতের সঙ্গে তার দেখা হয়। এ সময় সৈকত তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মুস্তাকিমের রিকশাভ্যানে তুলে দেন।
পরে রাত ১০টার দিকে তাকে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত দুই যুবককে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সাঘাটা থানার ওসি মো. দুরুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন।
