সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিনুসুমা মালি মিশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল মো. উমর ফারুক। তার নামাজে জানাজা গতকাল বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ, মরহুমের আত্মীয়স্বজন ও সহকর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি বাংলাদেশ পুলিশ এবং জাতিসংঘের পতাকায় মোড়ানো মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে মালি মিশনের আইপিও (স্বতন্ত্র পুলিশ কর্মকর্তা) শেখ মোহাম্মদ ফাদেল দিওপ ও এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) নাসিয়ান ওয়াজেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। একটি চৌকস পুলিশ দল মরহুমকে সশস্ত্র সালাম প্রদান করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে।
এদিকে, গতকাল বুধবার ভোরে কনস্টেবল ফারুকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পুলিশ সদর দপ্তরের ইউএন অ্যাফেয়ার্সের কর্মকর্তাগণ এবং মরহুমের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। জানাজা শেষে পুলিশ এসকর্টসহ মরদেহ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। উল্লেখ্য, কনস্টেবল মো. উমর ফারুক গত ৫ আগস্ট মালির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন পুত্র সন্তান এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
