কৃষিযন্ত্রের চাহিদা সম্পর্কে জানাতে কৃষিমন্ত্রীর নির্দেশ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:২৬

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের কোন এলাকায় কোন ধরনের কৃষিযন্ত্রের চাহিদা—তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমাদের জমির আকার ও মাটির ভিন্নতা রয়েছে। তাই মাটি ও জমির উপযোগী কৃষিযন্ত্র ব্যবহার করতে হবে। তাহলেই কৃষক উপকৃত হবে। কৃষিকে লাভজনক করতে হলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের বিকল্প নেই বলে তিনি জানান। গতকাল বুধবার সচিবালয়ে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, চাহিদার ভিত্তিতে কৃষিযন্ত্র সরবরাহ করা হবে। কোম্পানির সাথে কথা বলে কৃষকদের জন্য সহজ কিস্তি সুবিধা দেওয়া যায় কি না, তা দেখতে হবে। এছাড়া যন্ত্র মেরামতকারীগণ ও ব্যবহারকারীগণকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কৃষিমন্ত্রীর সভাপতিত্বে সভায় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব সনত্ কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।