কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উলিপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক চিরেন্দ্র নাথ রায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উলিপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।
