মনোহরগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক নারী কারবারি আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮

কুমিল্লার মনোহরগঞ্জে ৪৬ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার ৯২০ টাকাসহ রানী মুখার্জি ওরফে দেবী (৪৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে এসআই টিটু কুমার নাথ, এএসআই ইমরান হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে রানী মুখার্জি ওরফে দেবীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, আটক রানী মুখার্জির বাড়ি উপজেলার দিশাবন্ধ গ্রামে। তাকে উদ্ধার করা মালামালসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় নেওয়া হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে আরও পাঁচটি মামলা রয়েছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে আরও পাঁচটি মামলা রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি