পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন মোল্লা (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠি সড়কের আশোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ।
নিহত সরোয়ার আশোয়া গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।
এলাকাবাসীরা জানান, স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের (খুলনা মেট্রো জ-০৪-০০-২৪) যাত্রী ছিলেন সরোয়ার হোসেন। শুক্রবার দুপুর ২ টার দিকে সরোয়ার আশোয়া এলাকায় বাড়িতে যাওয়ার জন্য বাস থেকে নামেন তিনি। এ সময় বাসের চালক অন্য একটি গাড়িকে সাইড দিতে বাসটি চালানো শুরু করলে বাসের ধাক্কায় সরোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাস ও বাস চালককে আটক করে কাউখালী থানা পুলিশে সোপর্দ করেছে।
আরো পড়ুন: গৌরীপুরে ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিল অপর সদস্য
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফরিদ হোসেন বাস ও চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
