পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় মামলায় সচিব গ্রেপ্তার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২১:৩৩

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নিহত শ্রমিক আছাদুলের বাবা ঠান্ডা মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলা দায়েরের পর পীরগঞ্জ পৌরসভার সচিব আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় পৌরসভার প্রকৌশলী, মূল ঠিকাদার, সাব-ঠিকাদার ও ভবন তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার আরাজী গঙ্গারামপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন তিনতলা পৌর ভবনের ছাদের সাটারিং ভেঙে পড়ে। এতে কাজ করতে থাকা ১৩ জন শ্রমিকের মধ্যে কয়েকজন নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

নিহত দুই শ্রমিক হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঠান্ডা মিয়ার ছেলে আছাদুল (২৫) এবং রংপুরের স্থানীয় বাসিন্দা শিহাব (২২)। দুর্ঘটনায় আরও ৪ থেকে ৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ‘ভিশন ২০২০’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির কাজ করছিল। শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ ছিল। সাটারিংয়ে ব্যবহৃত বাঁশ ও কাঠ অত্যন্ত পুরোনো ও নিম্নমানের হওয়ায় এবং অতিরিক্ত বোঝা সহ্য করতে না পেরে হঠাৎ তা ধসে পড়ে। কাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান বা পৌরসভার কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা তদারককারী প্রকৌশলী সেখানে উপস্থিত ছিলেন না।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক ইসরাত জাহান স্বাক্ষরিত এক আদেশে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুরের নির্বাহী প্রকৌশলী।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকীউল বারী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমি নিজেও রয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুই শ্রমিক নিহতের ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ইতিমধ্যেই পৌরসভার সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ইত্তেফাক/এনএ