গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ছোট ভাই আজিজুল ইসলাম (৫৪) চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এক নারীকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়।
নিহত আজিজুল ইসলাম ওই গ্রামের মৃত. আজিম উদ্দিনের ছেলে।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বড় ভাই ডিপটি মিয়া সঙ্গে ছোট ভাই আজিজুল ইসলামের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে ডিপটি মিয়া গোয়ালঘর নির্মাণ কাজ শুরু করে। এসময় আজিজুল ইসলাম বাধা দেয় এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডিপটি মিয়া ও তার ছেলেরা লাঠি দিয়ে আজিজুল ইসলামকে মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশী ও স্বজনরা গুরুতর আহত আবস্থায় আজিজুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
শুক্রবার বিকেলে সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে। ময়নাতদন্ত এর জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।
