আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না দলের অধিনায়ক লিটন দাস। ফলে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লিটন। এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর পথচলা শুরু হওয়ার কথা ছিল। তবে চোটের কারণে সেই পরিকল্পনায় ছেদ পড়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে নামেন তাওহিদ হৃদয়। তার টস করতে আসার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যায়, এই ম্যাচে খেলছেন না লিটন। দলের নেতৃত্বও সামলাচ্ছেন হৃদয়।
পরে জানা যায়, শুধু প্রথম ম্যাচ নয়, চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম।
বায়েজীদুল ইসলাম বলেন, ‘শুক্রবার ডান হিপ জয়েন্টে (নিতম্বের সংযোগস্থল বা উরুসন্ধি) অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। শনিবার ফিটনেস পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল সে। তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’
লিটন দাসের অনুপস্থিতিতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।
