২০১৭ সালের সাড়া জাগানো ‘জুমানজি:ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিতে অভিনয় করে আলোড়ন তুলেছিলেন কেভিন হার্ট। তার রসবোধসমৃদ্ধ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এবার সেই কেভিন হার্ট আগামীবছরের অস্কার আসর উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন। নিজের ইনস্টাগ্রামে এমনটাই নিশ্চিত করেছেন এ অভিনেতা।
তিনি বলেন, ‘জীবনের সেরা সম্মানটুকু পেয়েছি। অস্কার বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ।’
এটাই হবে তার প্রথম অস্কার উপস্থাপনা। তবে অস্কার মঞ্চে তিনি এবারই প্রথম নন। ২০১৬ সালে অস্কার জয়ীর নাম প্রকাশ করতে মঞ্চে উঠতে হয়েছিল কেভিন হার্টকে। এবার তার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে দেখা যাবে অস্কার জয়ী প্রযোজক দোনা জিলিওত্তি ও প্রযোজক-পরিচালক গ্লেন উইসকে।
আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর অস্কার। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ৯১তম আসর। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই আয়োজন। বরাবারের মতো হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে হবে অস্কার আয়োজন। এর আগে ২০১৭-১৮ সালের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জিমি কিমেল।
