করিমগঞ্জে দুটি পৃথক বাল্যবিয়ের আয়োজন করায় একটি ঘটনায় বরের বাবাকে এবং অপর ঘটনায় বর-কনে উভয়েরই বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করিমগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই জরিমানা করেন।
মঙ্গলবার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের সাইফুল ইসলামের পুত্র জয়নাল আবেদীনের সঙ্গে একই উপজেলার মো. শিব্বির উদ্দিনের মেয়ে রেহেনার (১৫) বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে হাজির হন এবং বর-কনের বাবাকে আটক করেন। এদিকে একই দিন বালিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের মেয়ে সুমাইয়ার (১৫) সঙ্গে একই গ্রামের শাহীনের বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ইউএনও শারমীন আক্তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইফুল ইসলাম ও মো. শিব্বির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই অপরাধে আমিরউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
