নকলায় বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৮

শেরপুরের নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় (খৈড়াপাড়া) এলাকায় মঙ্গলবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে এক শিশু নিহত হয়। মৃত সাকিবুল হাসান (৮) নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাধীন হাটপাগলা গ্রামের মন্টু মিয়া নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার একটি ভাড়া বাসায় থাকে। তার ছেলে অনিত হাসান ও সাকিবুল হাসান মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার মামার বাসা থেকে সাইকেলের রিং নিয়ে খেলতে খেলতে নিজেদের বাসার দিকে ফিরছিল। হঠাত্ খেলনা রিং হাত থেকে ফসকে পাকা সড়ক থেকে নিচে জিআই তার প্যাঁচানো বিদ্যুতের খুঁটিতে আটকে যায়। রিং আনতে গেলে বড়ো ভাই অনিত হাসান বিদ্যুত্স্পৃষ্ট হয়, পরে ছোটো ভাই সাকিবুল হাসান কিছু না বুঝে বড়ো ভাইকে ধরতে গেলে অনিত হাসান ছিটকে পড়ে কিন্তু সাকিবুল বিদ্যুতের তারে আটকে যায়। এলাকাবাসী তাদের দুজনকে নকলা হাসপাতালে নিলে ডাক্তার ছোটো ভাই সাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন।