মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির ব্যাগে মিলেছে ৬০ বোতল এসকাফ সিরাপ। দুর্ঘটনার পর তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে মোটরসাইকেল ও সিরাপসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘরামি বাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. মিজানুর ও মো. রাজন হোসেন। তারা দুজনই চুয়াডাঙ্গার জীবননগর থানার উথলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী তুষার মাহমুদ জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হন ওই দুই ব্যক্তি। তাদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল এসকাফ সিরাপ পাওয়া যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা ৬০ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে হাজির করা হবে।
