মধুমতি নদী সংলগ্ন গন্ধখালী ইউনুস মৃধার বাড়ির সামনে নদী ভাঙন রোধ এবং রাস্তার দাবিতে মানববন্ধন হয়েছে।
মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগর (সালামাতপুর) অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর যাতায়াতে এবং ঐ এলাকার প্রায় আট গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি নদীগর্ভে বিলীন হওয়ায় ভাঙন রোধ এবং রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন।
জানা যায়, মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার থেকে রউফনগর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পর্যন্ত চলে গেছে কামারখালী-রউফনগর সড়ক। সড়কটির গন্ধখালী পূর্বপাড়া এলাকায় এবং রউফনগর গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর থেকে ৫০০/৬০০ মিটার দূরেও ভাঙন দেখা দিয়েছে। ফলে ঐ সড়ক দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হওয়ার পথে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বড়ো বোন জোহরা বেগম, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. লুত্ফর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক মাহাবুব প্রমুখ।
