একুশে আগস্ট হামলার ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে ------- বিএসএমএমইউ উপাচার্য

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:০৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি জড়িতদের যেমন বিচার করতে হবে, একইভাবে এই জঘন্য হামলার নেপথ্যে যারা রয়েছেন সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে।

গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সেখানে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।