কাশ্মীরের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি খুবই জটিল জায়গা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলার এক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কাশ্মীর নিয়ে পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা করতে পারায় আমি খুশি এবং সাহায্য করব। ‘দুই দেশের মধ্যে সম্পর্ক সহজ না হওয়ার কারণ ধর্ম’ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। খবর এনডিটিভির
হোয়াইট হাউজে মঙ্গলবার সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কাশ্মীর জটিল জায়গা। সেখানে হিন্দু ও মুসলিম উভয়ই রয়েছেন। তাই আমি বলতে পারব না যে তারা একসঙ্গে ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যস্থতা করতে আমি যতটা পারব তা করব। তিনি আরো বলেন, আপনারা দুটি দেশ দীর্ঘসময় ধরে একসঙ্গে এবং ঘনিষ্ঠভাবে থাকতে পারছেন না, এটা খুবই বিস্ফোরক পরিস্থিতি। ট্রাম্প বলেন, ধর্ম নিয়ে অনেক কিছু করতে হবে। ধর্ম একটা জটিল বিষয়। ভারত ও পাকিস্তান রাজি থাকলে তিনি মধ্যস্থতায় রাজি বলে সম্প্রতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সপ্তাহান্তে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পারেন বলে জানান তিনি। ফ্রান্সে সাতটি দেশের শিল্প সম্মেলনে দুই রাষ্ট্রনেতার সাক্ষাত্ হতে পারে বলে জানা গেছে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন কাশ্মীরি। বারমুল্লাহ জেলায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে ভারতের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং নিরাপত্তায় কড়াকড়ি আরোপের পর এই প্রথম সেখানে ‘বন্দুকযুদ্ধে’র খবর পাওয়া গেল।
