সড়ক দুর্ঘটনায় গাজীপুরে দুই জন নিহত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:১৪

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার ইটাহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল বরিশালের বড়গাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশন নামের একটি কারখানার অপারেটর ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম কাউসার চৌধুরী জানান, নিহত সোহেল রানা সপরিবারে নগরীর বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকতেন। ভোর ৬টার দিকে রাতের পালার ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় বাইসাইকেলটি পৌঁছালে চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস সাইকেলটিকে পেছন দিক থেকে দ্রুতবেগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল রানা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি পিকআপের ধাক্কায় হালিমা বেগম নামের ৮০ বছর বয়সি এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শ্রী হরিদাস জানান, গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মৃত লাল মিয়ার স্ত্রী হালিমা বেগমকে মালবোঝাই একটি পিকআপ চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানান। চালকসহ পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।