অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যানুসারে আরো এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৯৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল সোমবার তাদের গ্রেফতারের বিষয়টি কোতোয়ালী থানা পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোহাম্মদ মিয়ার পুত্র শামসুল আলম ও টেকনাফ উপজেলার কচ্ছবনিয়া এলাকার মো. ভুট্টোর পুত্র মো. পারভেজ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বিআরটিসি মোড়ে কদমতলী ফ্লাইওভারের ওপর একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় যাত্রী শামসুল আলম অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুতার তলায় সোলের ভেতরে ইয়াবা লুকানো আছে বলে স্বীকার করে। পরে শামসুল আলম নিজেই জুতার তলা ছিঁড়ে ইয়াবাগুলো বের করে দেয়। এসব ইয়াবা টেকনাফ থেকে কিনে চট্টগ্রামে বিক্রির জন্য পাঠানো হয়েছিল।
