পিরোজপুরে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:২২

পিরোজপুরের নাজিরপুরে  দুই সন্তানের জনক ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করেছে। গতকাল সোমবার সকালে ধর্ষণের শিকার ওই শিশুকে চিকিত্সার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্রে শিশু শ্রেণীতে পড়ে। জানা গেছে, ধর্ষক মিন্টু মন্ডল (৩৫) উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত গুরু দয়াল মন্ডলের ছেলে। তিনি উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের গিলাতলা গ্রামে শ্বশুর বাড়ীতে থেকে সেখানেই ডেকারেটরের ব্যবসা করেন। ধর্ষিতার মা জানান, রবিবার দুপুর ২ টার দিকে তার ছয় বছর বয়সের কন্যাটি একই বাড়ির অন্য একটি শিশুর সাথে খেলা করছিলো। এ সময় পাশের বড়ীর মৃত প্রফুল্ল গাইনের জামাতা মিন্টু মন্ডল ওই শিশুকে ডেকে তার ডেকারেটরের মালামাল রাখার ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে তার সাথে থাকা অন্য শিশুটিকে তাড়িয়ে দেন। পরে ওই ঘরের দরজা বন্ধ করে মুখ চেপে ওই শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি বাড়ী ফিরে মাকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে অসুস্থ মনে হওয়ায় স্থানীয় পল্লী চিকিত্সক প্রফুল্ল গাইনের কাছে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হলে সোমবার সকালে ধর্ষিতার বাবা ও ধর্ষক মন্টু’র শালা রিপন গাইন তাকে চিকিত্সার জন্য গোপালগঞ্জ নিয়ে যান। স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনায় পর থেকে বিষয়টি মিমাংসার জন্য ধর্ষিতার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম মুনির জানান, সংবাদ পেয়ে তাত্ক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তারপরেও ধর্ষক মন্টুকে গ্রেফতারের জন্য পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।