আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে: ইমরান আব্বাস

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৬:৫০

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন— এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। তবে খবরটি নাকচ করে অভিনেতা জানিয়েছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মজার ছলে ইমরান আব্বাস লেখেন, ‘এইমাত্র সামাজিক মাধ্যম থেকে শুনলাম, আমি নাকি শোবিজ ছেড়ে দিয়েছি।’

এরপর ইমরান স্পষ্ট করেন, বিনোদন অঙ্গন ছাড়ার খবরটি সত্য নয়। বেশ কয়েকটি কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি।

ইমরান আব্বাসের ভাষ্য, গত দুই বছর তিনি ব্যবসা ও দাতব্য কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিয়েছেন। এ সময়ে টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে সরকারি চলচ্চিত্র তহবিলের অর্থায়নে নির্মিতব্য কিছু প্রকল্পও ছিল।

অভিনেতা জানান, তার অগ্রাধিকারে পরিবর্তন আসায় তিনি এসব সিদ্ধান্ত নিয়েছেন। এর অর্থ এই নয় যে তিনি বিনোদন অঙ্গন ছেড়ে দিচ্ছেন।

ইমরান লেখেন, ‘এটি আমার অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া সচেতন সিদ্ধান্ত, বিনোদন অঙ্গন থেকে বিদায় নয়।’

ইমরান আব্বাস আরও স্পষ্ট করেছেন, উপযুক্ত সুযোগ পেলে তিনি অভিনয় চালিয়ে যেতে চান।

ইমরান আব্বাস আরও বলেন, ‘শোবিজের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, তবে আমার অগ্রাধিকার বদলেছে।’

অভিনেতা জানান, যেসব গল্পে গভীরতা, উদ্দেশ্য ও সৃজনশীলতার ছাপ থাকবে, সেসব কাজেই তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করতে চান।

সূত্র: সিয়াসাত ডেইলি 

ইত্তেফাক/এমএস