চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০১:৪১

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রশিক্ষিত হাতির পায়ে পিষ্ট হয়ে এক মাহুত মারা গেছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পার্কের ভেতরে এ ঘটনা ঘটেছে।

নিহত মাহুতের নাম ভদ্রসেন চাকমা (৫৩)। তিনি খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বঙ্গলটুলি গ্রামের বাসিন্দা। বুধবার বিকেল পাঁচটার দিকে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিতে টাকা দাবি, নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পার্কের হাতির গেটের কাছে কাজ করার সময় পেছন থেকে একটি হাতি ওই মাহুতকে প্রথমে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এর পর পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে।এ ঘটনার পর পার্কের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী চকরিয়া থানায় লিখিতভাবে মাহুতের মৃত্যু সংবাদ অবহিত করেন। একইসঙ্গে পার্কে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠে হাতিটি। পরে  হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ইত্তেফাক/এমআরএম