একই নিয়মে বারবার পড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভিন্ন কোনো ফলাফল প্রত্যাশা করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠ কতটা অনুধাবন করতে পারছে তা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।
শিক্ষকতা পেশার সূচনাতেই নিয়মিত আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি পরামর্শ দিয়ে বলেন, কোনো একটি পাঠ বা অধ্যায় সম্পন্ন করার পর শিক্ষকের নিজেকেই প্রশ্ন করতে হবে—শ্রেণিকক্ষের কতজন শিক্ষার্থী বিষয়টি সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছে। আর যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর কৌশল বা পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, তা চিহ্নিত করতে হবে।
ড. মিলন উল্লেখ করেন, পুরনো ও অপরিবর্তিত পদ্ধতিতে পাঠদান অব্যাহত রেখে ভিন্ন ফলাফলের আশা করা বাস্তবসম্মত নয়। বরং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, তাদের প্রশ্ন, ক্লাসের কাজ এবং ভুলগুলো থেকে পাওয়া ধারণার ওপর ভিত্তি করে পাঠদান কৌশলে নিয়মিত পরিবর্তন ও উন্নয়ন আনাই সার্থক শিক্ষকতার অন্যতম মূল চর্চা।
