দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন তারা। তবে ক্যারিবীয়ান পেসার শামার জোসেফের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বাংলাদেশে পা রেখে অসুস্থ হয়েছেন শামার জোসেফ। জানা গেছে, পেটের সমস্যায় পড়েছেন। তাই হোটেলেই অবস্থান করছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে দেখা যায়নি শামারকে। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন শামার। এছাড়া ১০ ওয়ানডেতে ৫ ও ৩০ টি-টোয়েন্টিতে ৪০ উইকেট নিয়েছেন এই ক্যারিবীয়ান পেসার।
