কিশোরগঞ্জের ‘কুখ্যাত অপরাধী’ সাজন ঘোষ গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। সাজন ওই এলাকার কুখ্যাত অপরাধী বলে ভাষ্য পুলিশের। তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় নানা অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজন ঘোষ কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়া (ঘোষপাড়া) গ্রামের হরি ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত কটিয়াদী মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজন ঘোষকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় মোট ১৮টি মামলা রয়েছে।

এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) জিআর সাজার পরোয়ানা রয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে এই কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কটিয়াদী থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এপি