ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় আমিরাতে বন্ধ সমুদ্র সৈকত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৯:১২

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উম্ম আল কুয়াইন উপকূলে তেলবাহী ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, দূরবর্তী পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে। এর পর শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইনের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করেন বাসিন্দারা। তবে এ গন্ধের কারণে জনস্বাস্থ্যের ওপর কোনো বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঘটনা শনাক্তের পরপরই বিশেষায়িত দলগুলো জরুরি ভিত্তিতে কাজ শুরু করে। স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তেল অপসারণ এবং উপকূল পরিষ্কারের কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কারিগরি মূল্যায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ না হওয়া পর্যন্ত সৈকত ও সংশ্লিষ্ট উপকূলীয় এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিবেশগত প্রভাব নিরূপণ এবং দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 
ইত্তেফাক/এমএসআর