ডোমারে ট্রাকের ধাক্কায় পিতা নিহত, পুত্র আহত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৮:০৪

নীলফামারীর ডোমার উপজেলা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা লতিবর রহমান (৭০) নিহত ও পুত্র আব্দুল কুদ্দুস আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডোমার-নীলফামারী সড়কের হংশরাজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাদের ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকায় বাড়ি।

এলাকাবাসী জানায়, নীলফামারী হতে ডোমার সড়ক দিয়ে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লতিবর রহমান। পথে হংশরাজ এলাাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পিছনে বসা পিতা লতিবর রহমান ছিটকে গিয়ে ট্রাকের চাকার সঙ্গে আটকে যান। ট্রাকটি তাকে প্রায় ৫০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর চালক পুত্র ও মোটরসাইকেলটি রাস্তার ধারে পড়ে গেলে সে আহত হয়।

এলাকাবাসী কুদ্দুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। ঘাতক ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: বদরগঞ্জে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু