এখন থেকে আমেরিকাতেও মিলবে বাংলাদেশে তৈরি ওয়ালটনের ইলেকট্রকস এবং আইসিটি পণ্য। এজন্য বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তি করেছে আমেরিকার বিশ্বখ্যাত ই-কমার্স অ্যামাজন। এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য অ্যামাজনের প্ল্যাটফরম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে। এই চুক্তির ফলে সব ধরনের ওয়ালটন পণ্য নিতে পারবে অ্যামাজন। তবে প্রাথমিকভাবে আমেরিকার বাজারে ওয়ালটনের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স বিক্রি হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অ্যামাজন বিডির কান্ট্রি ম্যানেজার শশাঙ্ক পান্ডে এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার পণ্য বিভাগের সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। — প্রেস বিজ্ঞপ্তি
