কক্সবাজারের তিনটি এলাকায় একযোগে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব ফাঁকি প্রতিরোধে কক্সবাজারের চকরিয়া, সদর উপজেলা ও টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। কমিশনারেটের তিনটি পৃথক দল এসব অভিযানে অংশ নেয়।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ‘মার্বেল’ ব্র্যান্ডের মোট ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানিয়েছে, রাজস্ব ফাঁকি শনাক্ত, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
