ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় নগরীর ৯টি প্রতিষ্ঠান মালিককে ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। পাঁচটি ভ্রাম্যমাণ আদালত গতকাল গুলশান, বারিধারা, বাড্ডা, মিরপুরের টোলারবাগ, ভাষানটেকে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে জরিমানা করে। এ সময় বাড়িগুলোর সামনে ‘সাবধান, এ বাড়িতে/প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়াছে’ লেখা স্টিকার লাগানো হয়।
গত ২০ আগস্ট থেকে গতকাল পর্যন্ত ১৯ নম্বর ওয়ার্ডের (গুলাশান-বনানী) মোট ৬৫৮টি বাড়ি পরিদর্শন করে ৫৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় বারিধারা জে ব্লকে ‘গালফ অটো কারস লিমিটেড’-এর মালিককে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মিরপুরের টোলারবাগে পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ।
