ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তার মতে, ইসরায়েলি আরব রাজনৈতিক দলগুলোকে হিসাবে ধরলে বিরোধীদের পক্ষে আসনসংখ্যা দাঁড়ায় ৬৫টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার (৬১টি আসন) চেয়েও বেশি।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গোলান লিখেছেন, “নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে। ব্যস।” তিনি এই ফলাফলকে কাজে লাগিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে দেশে একটি নতুন পরিবর্তনশীল সরকার গঠনের তাগিদ জানান।
গোলান আরও যুক্তি দেন, নেতানিয়াহু যদি কেবল ‘জায়নবাদী’ (ইহুদি জাতীয়তাবাদী) সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিতে চান, তবে তাঁর নিজের জোট থেকেই জায়নবাদী নয় এমন কট্টর কট্টর-অর্থোডক্স (হারেদি) দলগুলোর ১৬ জন আইনপ্রণেতাকে বাদ দিতে হবে। সে হিসাবেও পরিবর্তনকামী বিরোধী জোটের কাছেই জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা থাকবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য ও প্রায় ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন শাসক জোট মাত্র ৫৩টি আসন পাওয়ার মুখে রয়েছে। বিপরীতে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন সম্ভাব্য প্রধান বিরোধী জোট ৪৮টি এবং বিভিন্ন আরব জোট ও দল যৌথভাবে ১৯টি আসন পেতে যাচ্ছে।
গোলান আরও বলেন, “আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, একই সঙ্গে দায়িত্বও রয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের অংশীদারত্বে একটি নতুন সরকার গঠনের এটাই সুযোগ, যা দেশের সকল নাগরিকের কল্যাণে কাজ করবে।”
একই সুর ফুটে উঠেছে ফিলিস্তিনি-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর নেত্বদ্বয়ের মুখেও। বামপন্থী দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসুফ জাবারিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বর্ণবাদ ও সংঘাতের নীতি দূর করে প্রকৃত ইহুদি-আরব অংশীদারত্বের মাধ্যমে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে তাঁরা প্রস্তুত। এছাড়া হাদাশ-তাআল জোটের শীর্ষ নেতা আহমাদ তিবি দেশের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধী শিবির সাহসী ভূমিকা নিলে তাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছেন।
বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা
ডেমোক্র্যাটস দলের প্রভাবশালী আইনপ্রণেতা গিলাদ কারিভ উল্লেখ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ইসরায়েল এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। তিনি জানান, বর্তমান কট্টর ডানপন্থী ধারার সরকার গড়ে তোলার যে সমীকরণ ছিল, তা ব্যর্থ হয়েছে এবং কয়েক লাখ ভোটের ব্যবধানে জনগণ নেতানিয়াহুর বিপক্ষে রায় দিয়েছে। এখন দেশকে বিধ্বংসী পথ থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যৎ গঠনে আরব-ইহুদি ঐক্যবদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।
