বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় এখন পর্যন্ত ডাকাতের ছয় সদস্যসহ আট জনকে গ্রেফতার এবং লুণ্ঠিত বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের পঞ্চম তলার সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ জুলাই রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার টুঙ্গিবাড়িয়ার ধোপাকাঠি এলাকার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল তদন্তে নামে। ঐ ডাকাতির ঘটনায় বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এ পর্যন্ত ছয় জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, যারা ডাকাত সদস্যদের লুণ্ঠিত স্বর্ণ দীর্ঘদিন ধরে কিনে আসছিল।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী লণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
