দিমুথের অধিনায়কত্বে মুগ্ধ ডিকওয়েলা

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:১০

২০১৭ সালে অ্যাঞ্জোলো ম্যাথুস দায়িত্ব ছাড়ার পর থেকে অধিনায়কত্ব নিয়ে একটা ঘোর সংকটে ছিল শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল, সুরঙ্গ লাকমল কিংবা ওয়ানডেতে লাসিথ মালিঙ্গা; অনেকরকম চেষ্টা করেছে তারা এই বছর দেড়েকে। কিন্তু দলটা কিছুতেই গোছানো যাচ্ছিল না।

অবশেষে এ বছর ফেব্রুয়ারিতে টেস্টে দায়িত্বটা দেওয়া হয় দিমুথ করুনারত্নেকে। টেস্টে এ পর্যন্ত দারুণ সফল তিনি। তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডেতেও বিশ্বকাপ থেকে অধিনায়কত্ব করছেন করুনারত্নে। বিশ্বকাপে সাফল্য না পেলেও পরপর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে তার দল। সবমিলিয়ে করুনারত্নে অন্তত শ্রীলঙ্কা দলটাকে পথে আনতে পারছেন বলে মনে করা হচ্ছে।

করুনারত্নের দলের অন্যতম ভরসা নিরোশান ডিকওয়েলা বলছেন, এই নতুন অধিনায়কের সাফল্যের কারণ হলো—তিনি খেলোয়াড়দের ইচ্ছেমতো পারফরম করার স্বাধীনতা দেন।

ডিকওয়েলা বলছিলেন, স্টাইলের দিক থেকে অধিনায়ক করুনারত্নে যে কারো চেয়ে আলাদা, ‘দিমুথ খুবই আলাদা ধরনের একজন অধিনায়ক। ওর খেলোয়াড় সামলানোর পথ ভিন্ন। আসলে সব অধিনায়কের ভিন্ন ভিন্ন স্টাইল থাকে। আমি দিমুথের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। সে যেটা করে, খেলোয়াড়দের নিজেকে শতভাগ প্রকাশের এবং স্বাধীনতা নিয়ে খেলার সুযোগ করে দেয়।’

ডিকওয়েলা বলছিলেন যে, দিমুথ খেলোয়াড়দের ভুলটা আলাদা করে চিহ্নিত করেন। সেই সঙ্গে খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাস দিয়ে থাকেন, ‘দিমুথ যেটা বলে যে, তুমি মাঠে যাও এবং সেটা তুমি করতে চাও সেটা করো, সেটা করতে পারো বলে মনে করো, সেটা করো। আমরা যদি ভুল করি, ও আমাদের আলাদা করে ডেকে নেয় এবং বলে যে, এটা ভুল হয়েছে। সেই সঙ্গে বলে, আসো এটা আমরা ঠিক করে ফেলি। সে খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে অনেক আত্মবিশ্বাস দেয়। সে আসলে খেলোয়াড়কে আত্মবিশ্বাসী করে তুলতে চায়।’

গতকাল শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে কলম্বো টেস্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তাদের সামনে এখন সুযোগ আছে সিরিজের পুরো ১২০ পয়েন্ট তুলে নেওয়ার। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটাই এগিয়ে যাবে তারা।

ডিকওয়েলা বলছিলেন, তারা এটাই চান। কিন্তু কাজটা খুব কঠিন হবে বলেই মনে করছেন তিনি, ‘এটা বিরাট একটা চ্যালেঞ্জ। একটা ম্যাচ জেতার পর সিরিজ জেতার বিরাট একটা দায়িত্ব তৈরি হয়। আমরা আত্মবিশ্বাসী। কিন্তু আমাদেরকে কঠিন সময়ে ভালো সিদ্ধান্ত নিতে পারতে হবে।’

ডিকওয়েলা মনে করেন প্রথম টেস্টে কিছু কঠিন সময়ে তারা ভুল করেছেন। কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ খেলেছেন। শেষ পর্যন্ত সেটা শ্রীলঙ্কার জন্য ক্ষতির কারণ হয়নি। মূলত করুনারত্নের চতুর্থ ইনিংসের সেঞ্চুরিতে ভর করে অসাধারণ একটা জয় পেয়েছে তারা।

ডিকওয়েলা বলছিলেন, গলের ভুলগুলো কলম্বোতে আর করতে চান না তারা, ‘ক্লোজ ইন ফিল্ডাররা, আমি নিজেও, বেশ কয়েকটা ক্যাচ ফেলেছি। কঠিন ছিল সুযোগগুলো। কিন্তু আমরা ওগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের এসব জায়গায় উন্নতি করতে হবে।’