ভারতে ইন্টারনেট থেকে চাইল্ড পর্নোগ্রাফি, ধর্ষণের ভিডিও এবং অন্যান্য আপত্তিকর তথ্য ও ভিডিও সরাতে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করবে গুগল, মাইক্রোসফট, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট থেকে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু সরাতে কেন্দ্রের তরফে এই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাবও দেওয়া হয়েছে। তার ভিত্তিতে বিভিন্ন টেক সংস্থার প্রতিক্রিয়াও পৌঁছেছে কেন্দ্রের কাছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই কথা জানাল বিচারপতি এমবি লোকুর এবং বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ। আনন্দবাজার পত্রিকা
ইন্টারনেট থেকে আপত্তিকর বিষয়বস্তু মুছে দিতে টেক সংস্থাগুলোর কাছে বিভিন্ন নজরদারি প্রযুক্তি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করার পরামর্শও দিয়েছে কেন্দ্র। এই ব্যবস্থায় ইন্টারনেট থেকে আপত্তিকর বিষয়বস্তু নিজে থেকেই মুছে ফেলা সম্ভব। যদিও কেন্দ্রের এই পরামর্শে বিভিন্ন প্রতিক্রিয়া মিলেছে টেক সংস্থাগুলোর কাছ থেকে। গুগল এবং ইউটিউব যে জবাব দিয়েছে তার থেকে আলাদা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের বক্তব্য। কেন্দ্রের প্রস্তাব পাওয়ার পরই টেক সংস্থাগুলো তাদের প্রতিক্রিয়া দিয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
