বাংলাদেশি ওলামাদের অভ্যর্থনা জানালেন মসজিদে নববী কর্তৃপক্ষ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:২২

গত ২০ আগস্ট মঙ্গলবার বাংলাদেশের ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ৫৮ সদস্যের ওলামা মাশায়েখ দলকে অভ্যর্থনা জানান মসজিদে নববী কর্তৃপক্ষ। বাংলাদেশি ওলামাগণ মদিনা শরিফে অবস্থিত মসজিদে নববী এলাকা পরিদর্শনে গেলে তারা মসজিদে নববীর প্রধান কর্মকর্তা মোহাম্মদ আল খুদায়েরির সঙ্গে সাক্ষাত্ করেন। আল খুদায়েরি বলেন, অতীতে বাংলাদেশের এতো বড়ো আলেম প্রতিনিধি দল আর কখনো এখানে আসেনি। বাংলাদেশের শীর্ষ আলেমদের কাছে পেয়ে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এসময় বাংলাদেশের ধর্মপ্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বকে সমর্থন জানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিনিধিগণ মসজিদে নববীর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মহানবী হজরত মুহাম্মদ (স) এর রওজা মোবারকে সালাম ও দুরুদ পেশ এবং রিয়াজুল জান্নায় নামাজ আদায় করেন।