ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গতকাল সিবিআইয়ের বিশেষ আদালত চিদাম্বরমের রিমান্ড মঞ্জুর করে। তবে এই সময়ের মধ্যে আইনজীবী পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারবেন। উল্লেখ্য, সিবিআইয়ের যে দপ্তরে বুধবার রাতে চিদাম্বরমকে আটক রাখা হয়, ২০১১ সালে সেই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিদাম্বরমকে গ্রেফতারের সমালোচনা করে বলেছেন, দেশে যে গণতন্ত্র নেই এটাই তার প্রমাণ।
বুধবার রাতে গ্রেফতারের পর গতকাল চিদাম্বরমকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। তদন্তে অসহযোগিতা করছেন এই যুক্তিতে চিদাম্বরামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে জানান সিবিআই’র আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে চাওয়া হয়। প্রায় দেড় ঘন্টার শুনানি শেষে বিচারক সিবিআই’র আবেদন মঞ্জুর করেন। তবে এই সময়ের মধ্যে আইনজীবী এবং পরিবারের লোকজন তার সঙ্গে সাক্ষাত্ করার অনুমতি দিয়েছে আদালত। যদিও সারাদিনে সেই সময় পাবেন মাত্র ৩০ মিনিট।
সিবিআই’র পক্ষ থেকে বলা হয়, চিদাম্বরমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে। তুষার মেহতা চিদাম্বরমের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছেন। তবে চিদাম্বরম নিজেই সেই অভিযোগ অস্বীকার করেছেন। চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বল বলেন, এটা এমন এক মামলা যেখানে তথ্য-প্রমাণের সম্পর্ক নেই। গ্রেফতারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি রুপির তহবিল পেতে আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি। বিনিময়ে তার ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।
গ্রেফতারের সমালোচনায় মমতা
দেশে আর গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের কাছে চিদাম্বরমকে গ্রেফতারের পদ্ধতি নিয়ে সমালোচনা করেন। - এনডিটিভি
