‘বন্দুকযুদ্ধে’ গফরগাঁওয়ে হত্যা হামলার আসামি ও টেকনাফে দুই রোহিঙ্গা নিহত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:৫৯

 ‘বন্দুকযুদ্ধে’ গফরগাঁওয়ে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি ও টেকনাফে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর-

গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে অটোরিকশা চালক সুজন মন্ডল হত্যা মামলার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার মো. এখলাছউদ্দিন (৩০) গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল বুধবার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার চাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এখলাছের বাড়ি উপজেলার চাকুয়া গ্রামের ভিটিপাড়ায়। তার বিরুদ্ধে তিনটি ডাকাতি, দুটি মাদক ও একটি হত্যা মামলাসহ ছয়টির বেশি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি ১২ বোর রিভলবার, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম  হেরোইন উদ্ধার করেছে।

 টেকনাফ (কক্সবাজার): টেকনাফ সীমান্তে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা হলেন, উখিয়া কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ব্লক-ই-৩ এর ২৪ নম্বর রুমের মো. সাকের (২২) এবং নয়াপাড়া মোচনী ক্যাম্পের ব্লক সি-৪ এর ২ নম্বর রুমের নুর আলম (৩০)। ঘটনাস্থল থেকে ইয়াবা, দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।