এমিলির হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন আরামবাগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

স্বাধীনতা কাপ ফুটবলের ‘এ’ গ্রুপ হতে বিজেএমসি দুই ম্যাচ হেরে যাওয়ায় সাইফ স্পোর্টিং ক্লাব এবং আরামবাগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় আগেই। এ দুই দলের ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় আরো উজ্জ্বলতা ছড়িয়েছেন আরামবাগের ক্যামেরুনের স্ট্রাইকার পল এমিলি। উপভোগ্য হ্যাটট্রিক করেছেন এ ফুটবলার। ছুটির দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর গ্যালারিতে হাজার দেড়ের সমর্থক তাক লাগানো তিনটি গোল দেখেছেন।

৪৪ মিনিটে প্রথম গোল। ৬২ মিনিটে দ্বিতীয় গোল। ৮০ মিনিটে হ্যাটট্রিক পূরণ হয়। আরামবাগ ৩-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। সাইফ স্পোর্টিংয়ের মতো কাগজে কলমের বড় দলকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে দিয়েছে কোচ মারুফুল হকের আরামবাগ।

তারপরও খুশি না কোচ। কেন? মারুফুল হকের সোজা উত্তর, ‘ওরা  (খেলোয়াড়রা) হ্যাপী। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। খুব সহজেই হ্যাপী হয়ে যায়। ফলে ভালো খেলার ধারাবাহিকতা থাকে না। খুশি হতাম যদি আরো গোল হতো।’

৩-০ গোলে হারানোর পরও আরো বেশি গোল হলো না কেন এ নিয়ে মারুফের মনে অভিমান আছে। কি কারণে সাইফের প্রতি তার রাগ বা অভিমান সেটা খেলা শেষে হুড়োহুড়ির মধ্যে জানার সুযোগ হয়নি। তবে এ ভিড়ের মধ্যে খেলোয়াড়রা নিজেরা যখন উল্লাস করছিল তখন সবার চোখ হ্যাটট্রিকম্যান পল এমিলির দিকে। মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক, দুটি ফেডকাপে হয়েছে। আর স্বাধীনতা কাপের প্রথম হ্যাটট্রিক করলেন পল এমিলি। এমিলি খুশি। বললেন, ‘দল জিতেছে এটাই আমার কাছে বড় কথা।’