রিয়াল মাদ্রিদ কোপা দেল রে’তে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও বড় জয় পেয়েছে। প্রথম লেগে মেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছিল কোচ সান্তিয়াগো সোলারির দল। কাল রাতে স্প্যানিশ সেগুন্দা দিভিশনের দলটিকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন দলটি। ৩৫ এবং ৩৭ মিনিটে গোল করে শুরুটা করেন মার্কো অ্যাসেন্সিও। এর দুই মিনিট পর ডিফেন্ডার হ্যাভিয়ের সানচেজ লক্ষ্যভেদ করলে বিরতির আগেই তিন গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ইস্কোর জোড়া গোলের মাঝে ভিনিসিয়াস জুনিয়র মেলিয়ার জালে বল জড়ান। সফরকারীরা তাদের সান্ত্বনাসূচক গোলের দেখা পায় ৮১ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন য়াচিন কাসমি। দুই লেগ মিলিয়ে ১০ গোল করে শেষ ষোলর টিকিট কাটে রিয়াল।
