ইউরোপিয়ান ফুটবল ক্লপের আশা

সিটিকে থামাবে আজ চেলসি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপের আশা চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেষ্টার সিটির রাশ টেনে ধরতে পারবে। আজ শনিবার প্রিমিয়ার লিগে যে কটি খেলা অনুষ্ঠিত হবে, তার মধ্যে সবার নজরে থাকবে চেলসি ও সিটির লড়াই। কোচ পেপ গার্দিওলার দল এ লড়াইয়ে অংশ নিতে চেলসির মাঠে যাবে।

ক্লপের দল বর্তমানে পয়েন্ট টেবিলে সিটির ঠিক পেছনেই আছে। ১৫ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সিটি। সমান খেলায় দুই পয়েন্টে পিছিয়ে থাকা লিভারপুল আজ বোর্নমাউথের মাঠে খেলতে যাবে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার (৩৩) অতিথি হবে লেস্টার সিটির। চেলসি ও আর্সেনাল ৩১ পয়েন্ট পেয়ে আছে চতুর্থ ও পঞ্চম স্থানে। আর্সেনাল নিজ মাঠে হাডার্সফিল্ডকে আতিথ্য দেবে।

ক্রমাগত আলোচনার মধ্যে থাকা কোচ হোসে মরিনহোর ম্যানচেষ্টার ইউনাইটেড নিজ ফুলহ্যামের মুখোমুখি হবে। ম্যান ইউকে নিয়ে এবারের আলোচনা হলো মরিনহো কি আদৌ সঠিক দল বাছতে পারছেন? কেননা লিগে এখন পর্যন্ত তিনি শুরুর একাদশে ৪৬ বার পরিবর্তন ঘটিয়েছেন। এর মধ্যে সাতটি ছিল গত সপ্তাহে আর্সেনালের সাথে ড্র হওয়া খেলাটিতে। এবারের প্রতিযোগিতায় তারাই অন্য যে কোনো ক্লাবের চেয়ে বেশি খেলোয়াড় বদল করেছেন।

ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড বিষয়টি নিয়ে দুশ্চিন্তায়। তিনি বিটি স্পোর্টকে বলেন, ‘মরিনহোর অধীনে এই দলকে নিয়ে যে সাধারণ ব্যাপারটি আমরা দেখছি, তাহলো প্রতি সপ্তাহেই পরিবর্তন। কেবলই পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। খেলোয়াড় ও দলের কথা ভেবে আমার ব্যাপারটা ভালো লাগছে না। কারণ আপনাকে একটা দলের সবার মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ ধরে বারবার পরিবর্তনের মধ্য দিয়ে সেটা করতে পারবেন না।’

চেলসির অবশ্য নিজের প্রয়োজনেই সিটিকে থামানো দরকার। তা ক্লপ যাই আশা করেন না কেন। কারণ কোচ মাউরিজিও সারির দল লিগের প্রথম ১২ খেলায় অপরাজিত থেকে সিটি ও লিভারপুলের সাথে ভালোই পাল্লা দিচ্ছিল। গার্দিওলার দলের কাছে আজ হারলে সিটির সাথে চেলসির ব্যবধান দাঁড়াবে ১৩ পয়েন্টের। তাও আবার এটি হবে লিগের চার খেলায় তৃতীয় হার। চেলসি ডিফেন্ডার মার্কোস অ্যালোনসো তার দলসঙ্গীদের কাছে ব্যবধানের কথা মাথায় না আনার আর্জি জানিয়েছেন। তিনি বলেন,‘আমরা যদি হারি শীর্ষের সাথে আমাদের ব্যবধান হবে ১৩ পয়েন্টের। সেটা অনেক পয়েন্ট। কিন্তু আমাদের খেলাটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং এ মুহূর্তে পয়েন্ট টেবিলের দিকে মনোযোগ দেয়া যাবে না।’

সিটি অবশ্য খেলাটিতে জিতলে শিরোপা ধরে রাখার প্রয়াসে আরো এগিয়ে যাবে। তাছাড়া লিভারপুলের মতোই এখনো লিগে অপরাজিত থাকা সিটি জয়ের ক্ষুধা ধরে রাখতে পেরেছে। সে কারণেই দলটি সার্জিও অ্যাগুয়েরো, ডি ব্রুইন অথবা রাহিম স্টার্লিংকে হয় ইনজুরি নয়তো ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর কারণে না থাকার পরও জিততে সমস্যা হচ্ছে না।