স্পোর্টস রিপোর্টার
আগে থেকেই বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। এবার চূড়ান্ত হয়ে গেল আসন্ন ২০১৯ বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি।
আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টটি শুরু আগামী পাঁচ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ সাত মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সূচি ঘোষণা করেছেন ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
ত্রিদেশীয় টুর্নামেন্টের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে। শহরের দুই মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ - ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব ও ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ। মূলত ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হবে এই টুর্নামেন্ট।
৯ মে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ১৩ মে আবার প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা, ১৫ মে আইরিশরা। মানে, প্রতিটি দল নিজেদের মধ্যে দু’বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ দু্ই দলকে নিয়ে ফাইনাল ১৭ মে।
বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট ও ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্প মিলিয়ে বাংলাদেশের যুক্তরাজ্য অভিযান হবে অন্তত দুই মাসের। আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে দল ইংল্যান্ডে যাবে ১৮ মে। বিশ্বকাপের আগে কন্ডিশনিং ক্যাম্প হবে লেস্টারে।
বিশ্বকাপ শুরু ৩০ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৫ জুলাই, পাকিস্তানের বিপক্ষে লর্ডসে। বিশ্বকাপের সেমিফাইনাল ৯ ও ১১ জুলাই, ফাইনাল ১৪ জুলাই। নক আউট পর্বে উঠতে উঠে গেলে বাংলাদেশের সফর হবে প্রায় আড়াই মাস লম্বা।
