দক্ষিণখানে মাদক কারবারিদের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নারী নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:০০

রাজধানীর দক্ষিণখানে মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে বিরোধের জেরে সুফিয়া খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে দক্ষিণখানের জয়নাল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় ঝগড়া ও মারামারির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পরস্পরের পরিচিত। তাদের কেউ মাদক বিক্রির সঙ্গে, আবার কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ছুরিকাঘাতে আহত হওয়ার পর স্থানীয়রা সুফিয়াকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৮ নভেম্বর) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাতে ৮ নম্বর রেলগেট এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে প্রথমে ঝগড়া হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় সুফিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত সুফিয়াও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকসংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 
ইত্তেফাক/এমএএম