পুলিশকে ৪০০ টাকা দিয়েছিলো ট্রাকচালক। পুলিশের এসআইয়ের দাবি ছিলো আরও বেশি। এ অবস্থায় পালানোর চেষ্টা করে ট্রাকচালক। পুলিশও তাড়া দেয় তাকে। তখন পুলিশের হাত থেকে বাঁচতে ট্রাকচালক বেপরোয়া হয়ে ওঠে। এ অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত হলেন এক মোটরসাইকেল আরোহী।
শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের কুয়াইশ সংযোগ সড়ক সংলগ্ন ধোপপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কুয়াইশ এলাকায় এক ট্রাকচালকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে পুলিশ। এ সময় ওই চালক ৪০০ টাকা দেয় ওই পুলিশ অফিসারকে। কিন্তু হাটহাজারী থানা পুলিশের ওই এসআই আরও বেশি টাকা দাবি করে। তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই ট্রাকচালক দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের ধোপপুল এলাকায় এসে একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাকটি। ঘটনার পর থেকেই স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে, বিক্ষোভ শুরু করে।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা এ সময় অভিযুক্ত পুলিশের এসআইকে আটক করে ফেলেন। এরপর পুলিশ এসে বিক্ষোভ ঠেকাতে চেষ্টা করে।
আরও পড়ুন: চলন্ত অটোরিকশায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
এদিকে চট্টগ্রাম মেডিকের কলেজ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এসআই শীলব্রত বলেন, 'সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াই এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনিছ (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।'
ইত্তেফাক/নূহু

