এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৯:৩৫

প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, শুভেচ্ছা নিও। গত বৃহস্পতিবার  বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে প্রকাশিত সৃজনশীল প্রশ্নের ঘ-এর উত্তর আজ আলোচনা করা হলো।  প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।

সুধীর বরণ মাঝি , শিক্ষক

হাইমচর সরকারি মহাবিদ্যালয়,চাঁদপুর

অষ্টম শ্রেণির ছাত্রী পপি পরীক্ষার পর তার বাবা মায়ের সাথে ময়মনসিংহে বেড়াতে যায়। সেখানে তারা একটি নদী দেখতে পায়, যার উত্পত্তিস্থল তিব্বতের মানস সরোবরে। নদীটি প্রাকৃতিক কারণে গতিপথ পরিবর্তন করে অন্য নাম ধারণ করে। এ নদীটি পরবর্তীতে চাঁদপুরের কাছে এসে অন্য একটি নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ নদীর মাধ্যমে ঐ এলাকার বহু মানুষ জীবিকা নির্বাহ করছে।

ঘ) উদ্দীপকের শেষোক্ত নদীটির সাথে ঐ এলাকার মানুষের অর্থনৈতিক জীবনের সম্পর্ক বিশ্লেষণ করো।

ঘ) উত্তর: উদ্দীপকের শেষোক্ত নদীটির নাম হলো মেঘনা। মেঘনা নদীর সাথে ঐ এলাকার মানুষের অর্থনৈতিক সম্পর্ক খুবই গভীর। নদ-নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্যোত্পাদন,মাছ শিকার,পণ্য পরিবহন,ব্যবসায় বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম ও শহর গড়ে উঠেছে। নদীসমূহ পানি সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের জনসংখ্যার সর্বাধিক বিস্তার ঘটেছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে। ফলে অধিকাংশ শহর,গঞ্জ (বাণিজ্য) গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। যেমন বুড়িঙ্গার তীরে ঢাকা , কর্ণফুলীর তীরে চট্টগ্রাম,শীতলক্ষ্মার তীরে নারায়ণগঞ্জ, মেঘনার তীরে চাঁদপুর,সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা ইত্যাদি।  মেঘনা নদী থেকে পানি নিয়ে বৃহত্তর কুমিল্লা,  নোয়াখালি ও চট্টগ্রাম জেলার চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে। সারাদেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা বিস্তৃত হচ্ছে। এর ফলে দেশের কৃষি অর্থনীতি দিনদিন উন্নত হচ্ছে,মানুষের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে নদী পথে দিন দিন লঞ্চ,স্টিমার ব্যবহার সম্প্রসারিত হচ্ছে। পরিবহনের জন্য নদী পথকে বাছাই করা হচ্ছে। ভারতকে ট্রানজিট দেয়ার ক্ষেত্রেও নদী ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং , বলা যায় মেঘনা পাড়ের মানুষের অর্থনৈতিক জীবনের উন্নতির পাশাপাশি সারাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ নদীটি ব্যাপক ভূমিকা পালন করছে।