ইউজিসির অনুরোধ উপেক্ষা করে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নিতে অনড় ঢাবি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে সাড়া দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার (৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ইউজিসির সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। 

সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনার পর বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত হয়। সভা শেষে যা জানিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় সম্পূরক পরীক্ষা যারা দেবেন, তাদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে। 

প্রকাশিত সময় সূচি অনুযায়ী ঢাবি ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। আইবিএ ইউনিটের মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরুর হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শনিবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শনিবার), ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শনিবার), চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া বাকি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা এবং আইবিএ ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আইবিএ ইউনিটে আবেদন ফি ১৫০০ টাকা ও চারুকলায় ১৪০০ টাকা। বাকি ইউনিটগুলোর আবেদন ফি ১২০০ টাকা করে।

ইত্তেফাক/আরএইচ