নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)–এর একটি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। ২৬টি সহকারী পদের বিপরীতে প্রকাশিত বিজ্ঞপ্তির বাইরে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ না করে ৬৫টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। এ ছাড়া নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও ফলাফল একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে।
এ ঘটনায় নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং ৬৫টি পদের বিপরীতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি অভিযোগকারী মো. আসকর আলী পরামানিক।
অভিযোগপত্রে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মিজানুর রহমান, ব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেসকোর কয়েকটি নিয়োগের লিখিত পরীক্ষা রুয়েটে অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের হস্তক্ষেপ ছিল। অভিযোগে বলা হয়, পরীক্ষার আগের দিন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহীর মাস্টারপাড়া এলাকার নেসকো রেস্টহাউসে ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান ও রুয়েটের প্রভাষক ড. নুরুল ইসলাম বৈঠক করেন। পরে তারা একই গাড়িতে করে সেখান থেকে চলে যান।
অভিযোগকারীর দাবি, পরীক্ষার আগের রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে পছন্দের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে অভিযোগপত্রে কোনো প্রত্যক্ষ প্রমাণের উল্লেখ করা হয়নি।
অভিযোগপত্রে আরও বলা হয়, নেসকোর পরিচালক (ডিস্ট্রিবিউশন) মো. মোকলেসুর রহমান এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সুশান্ত সাহার পরিবর্তে প্রধান প্রকৌশলী মিজানুর রহমানকে বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ সিদ্ধান্তের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।
নিয়োগ প্রক্রিয়ার পদসংখ্যা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। অভিযোগপত্র অনুযায়ী, সহকারী পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৬টি পদের কথা উল্লেখ ছিল। কিন্তু পরবর্তী সময়ে ৬৫টি পদের বিপরীতে পরীক্ষা নেওয়া হয় এবং ৩২৫ জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ না করায় অনেক যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এতে সরকার সম্ভাব্য রাজস্ব থেকেও বঞ্চিত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অভিযোগকারী।
লিখিত অভিযোগে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ৬৫টি পদের বিপরীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে।
এদিকে এই অনিয়মের অভিযোগের পরপরই গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে নেসকোর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো: আফাজ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ২ অক্টোবর রুয়েটে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঘোষিত ৫টি ক্যাটাগরির সকল মৌখিক পরীক্ষা আগামী ২৮ অক্টাবর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত হওয়ার কথা ছিল। তা "অনিবার্য কারণবশত" স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পদসমূহ: ১. সহকারী ব্যবস্থাপক (অর্থ/অডিট/রেভিনিউ অ্যাসিওরেন্স) ২. টেকনিশিয়ান-আঞ্চলিক মেরামত কারখানা ৩. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ/অডিট/রেভিনিউ অ্যাসিওরেন্স) ৪. সহকারী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ/প্রকৌশল/বাণিজ্যিক পরিচালন/গ্রাহক সেবা/ক্রয়) ৫. সাহায্যকারী
এ বিষয়ে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) আফাজ উদ্দিন বলেন, আগেই বোর্ড সভায় পদসংখ্যা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এখন পদাধিকারবলে নিয়োগ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা বাড়ানো বা কমানোর বিষয়টি উল্লেখ ছিল। তবে পরবর্তী সময়ে সাহায্যকারী পদে পদসংখ্যা বৃদ্ধির বিষয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
মাস্টারপাড়া রেস্ট হাউসে পরীক্ষার আগের রাতে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। পরীক্ষা কীভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে রুয়েটের শিক্ষকদের সমন্বয়ে একটি বৈঠক হয়েছিল। পরীক্ষাটি পরিচালনার দায়িত্বে ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই নিয়োগ কমিটির একজন সদস্য। তবে এ বিষয়ে আমি কিছুই জানি না।’
